শহীদ ডা. মিলন দিবস আজ
প্রান্তডেস্ক:নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক যুগ্ম সম্পাদক শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী আজ। ১৯৯০ সালের অগ্নিঝরা উত্তাল ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে ডা. শামসুল আলম খান মিলন শহীদ হন। ওই দিন বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএমএ আয়োজিত সভায় যোগ দিতে রিকশায় যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকায় স্বৈরশাসক এরশাদ সরকারের সন্ত্রাসীরা তাঁর ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ডা. মিলন। শহীদ মিলনের এই আত্মদান সেদিন স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চার করে। ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে একই বছরের ৬ ডিসেম্বর স্বৈরশাসনের পতন ঘটে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী দল, সংগঠনসহ শহীদের পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচিতে আছে কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, ঢামেকে শহীদ ডা. মিলনের কবর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিলন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, কবর জিয়ারত, পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, আলোচনা সভা প্রভৃতি।

