ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ আজ, হতে পারে ১০ লাখ মানুষ
প্রান্তডেস্ক:ভোটার তালিকার সংশোধন ও অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পরিচালিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের মেগা সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) টামস নাউ-এর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে.
শনিবার পুলিশ কমিশনার অনুরাগ কুমার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। রাজধানীতে ধারাবাহিক প্রতিবাদের কারণে ২৭০টি সিএপিএফ কোম্পানির মোতায়েনের মেয়াদ ১৬ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রামলীলা ময়দানে চেয়ার ও ব্যারিকেড স্থাপনের পর ধারণক্ষমতা ৩০ হাজার থেকে ৪০ হাজার হবে বলে পুলিশ জানায়।
স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে এলএনজেপি হাসপাতাল এবং জিবি পান্ত হাসপাতালের দিকে যাওয়া অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহনের অবাধ চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রায় ১৫০ জন অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। আয়োজকদের স্বেচ্ছাসেবক মোতায়েন, পানীয় জলের ব্যবস্থা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এমন ভাষণ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে লোকসভার সাবেক স্পিকার মীরা কুমারের সভাপতিত্বে এক প্রতীকী ‘গণ অভিশংসন’ অধিবেশনে জোট নেতারা হাত তুলে সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের প্রস্তাব অনুমোদন করেন।
সূত্র: টাইমস নাউ



