ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
প্রান্তডেস্ক:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারাধীন মামলায় ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই পরিচালনার জন্য যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দিতে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করা হয়েছে।
আইনি ভিত্তির বিষয়ে আবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারা অনুযায়ী, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল বিদেশি আইনজীবীকে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দিতে পারেন। সুনির্দিষ্ট কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া এই অনুমতি আটকে রাখার সুযোগ নেই। ফলে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের উপস্থিতির ক্ষেত্রে বার কাউন্সিলের এ অনুমতি একটি আবশ্যিক পূর্বশর্ত।
বার কাউন্সিলে জমা দেওয়া এই আবেদনের সঙ্গে ফারজানা রুপার স্বাক্ষরযুক্ত ওকালতনামা, বিদেশি দুই আইনজীবীর জীবনবৃত্তান্ত এবং তাদের পাঠানো ই-মেইল ও মূল আবেদনের অনুলিপি সংযুক্ত করা হয়েছে।

