রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
প্রান্তডেস্ক:সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে সৌদি আরব।
বিবৃতিতে নিহত বাংলাদেশিদের পরিবারসহ সব শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়। বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামোয় আঘাত হানা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে মত দেয় বাংলাদেশ।
শনিবারের এই হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক প্রাণ হারিয়েছেন বলে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরটিতে হুথিদের এটি তৃতীয় হামলা। গত এক দশকের বেশি সময়ে সৌদি ভূখণ্ডে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।
ইয়েমেনে যুদ্ধ ক্রমেই তীব্র হয়ে ওঠার মধ্যে এ ঘটনা ঘটল। দেশটির নিয়ন্ত্রণ নিয়ে হুথিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সঙ্গে লড়ছে। ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীর বিরুদ্ধে ইয়েমেন সরকারের স্থল অভিযানে সহায়তা দিতে সৌদি আরব বিমান হামলা চালাচ্ছে।

