বাংলাদেশের পদার্থবিদ অরুণ কুমার বসাকের বিরল অর্জন

প্রান্তডেস্ক:পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস) ফেলো নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক।
শুক্রবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টায় তাঁর ফেলো নির্বাচিত হওয়ার ঘোষণা দেওয়া হয়।
এপিএসের আনুষ্ঠানিক মূল্যায়নে বলা হয়েছে, নিউক্লিয়াস-নিউক্লিয়াস বিভব ব্যবহার করে নিউক্লীয় পদার্থবিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানের দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধানে অধ্যাপক বসাক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এর আগে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক বসাকের হাতে গুণী শিক্ষক সম্মাননা তুলে দেওয়া হয়।
গবেষণা ও শিক্ষকতার পাশাপাশি দেশের বিজ্ঞান ও প্রযুক্তিশিক্ষার অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রেও অবদান রয়েছে অধ্যাপক বসাকের। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের তথ্য অনুযায়ী, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সেন্টার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সেন্টার প্রতিষ্ঠা এবং পদার্থবিজ্ঞান বিভাগ গড়ে তোলার সঙ্গেও যুক্ত ছিলেন।
অধ্যাপক অরুণ কুমার বসাকের এপিএস ফেলো নির্বাচিত হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁকে অভিনন্দন জানিয়ে অনেকে তাঁর গবেষণা ও শিক্ষকতায় অবদানের প্রশংসা করছেন।
মারুফ হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘অধ্যাপক অরুণ কুমার বসাক স্যারের এ অর্জন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এ স্বীকৃতি প্রমাণ করে, গবেষণার মান ও অবদানই একজন বিজ্ঞানীর প্রকৃত পরিচয়। আমরা আশা করি, তাঁর এ অর্জন দেশের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও গবেষণায় আরও উৎসাহিত করবে।’
সাদিয়া আফরিন নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘একজন শিক্ষক যখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পান, তখন তা শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করে। অধ্যাপক অরুণ কুমার বসাক স্যারের গবেষণা ও বিজ্ঞানশিক্ষায় অবদানের স্বীকৃতি আমাদের জন্য আনন্দের ও গর্বের। আমরা চাই, তাঁর মতো গুণী শিক্ষকদের যথাযথ মূল্যায়ন করা হোক এবং তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের গবেষণাক্ষেত্রকে আরো এগিয়ে নেওয়া হোক।’

