জাতীয় কবিতা পরিষদের ৭১তম আসরে কবিতা-গানে প্রাণবন্ত আয়োজন

প্রান্তডেস্ক:৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, রাজধানীর ২৬ ইস্কাটন গার্ডেন রোডের ‘কাজল মিলনায়তন’-এ অনুষ্ঠিত হলো জাতীয় কবিতা পরিষদের ৭১তম কবিতাপাঠ ও সঙ্গীত অনুষ্ঠান। সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান।
এ. কে. আজাদ সরকার ও শোয়েব হোসেনের কণ্ঠে ‘ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা’ গানটির মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন বলেন, “বাংলাদেশে একটি সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন, সেটা হয়নি। আমি মনে করি, মানুষ হেরে যায় না। জাতীয় কবিতা পরিষদ চিন্তার মুক্তি, শৃঙ্খলমুক্তির আন্দোলন এগিয়ে নিয়ে যাবে।”
ক্যামেলিয়া আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশবরেণ্য কবি, লেখক, সাংবাদিক, কণ্ঠশিল্পী ও কবিতাপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। মেহেরিন হৃদিকা ও দৌলত আরা ইশান কবিতাপাঠের মাঝে গানে গানে মাতিয়ে রাখেন অনুষ্ঠানটি। আরও সংগীত পরিবেশন করেন ক্যামেলিয়া আহমেদ, নিথর মাহবুব ও এলাহী মাসুদ।
কবিদের মধ্যে স্বরচিত কবিতাপাঠে অংশ নেন—মতিন বৈরাগী, মোহন রায়হান, রেজাউদ্দিন স্টালিন, হরষিত বালা, দীনবন্ধু দাশ, শ্যামল জাকারিয়া, মালিহা পারভীন, ক্যামেলিয়া আহমেদ, শওকত হোসেন, কামরুজ্জামান, ইউসুফ রেজা, আসাদ কাজল, সাম্য শাহ, রোকন জহুর, কাব্য রাসেল, নিপা চৌধুরী, রাকিব ফরায়েজী, শাহীন সুলতানা, ইমরুল কায়েস, নিথর মাহবুব, মোস্তাক মুকুল, শোভা চৌধুরী, চৌধুরী মোহাম্মদ মনির উদ্দিন, আওয়াল খন্দকার, এলাহী মাসুদ, সাবরিনা ইয়াসমিন, প্রভাবতী চক্রবর্তী, নাহিদ হাসান, রাসেল আহম্মেদসহ অর্ধশতাধিক কবি।
শ্রুতিমধুর কবিতার ধ্বনি ও সংগীতের সুরে প্রেম, বিরহ ও প্রতিবাদের মেলবন্ধন রচিত হয়। সব মিলিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে চার ঘণ্টার আয়োজন। অনুষ্ঠানের সভাপতি মোহন রায়হানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে জমজমাট এই আয়োজনের সমাপ্তি ঘটে।

