হাম: সিলেট বিভাগে মৃত্যুর মিছিলে আরও এক শিশু
প্রান্তডেস্ক:সিলেট বিভাগে হাম পরিস্থিতির মধ্যে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে এক বছর বয়সী শিশু সালমানের মৃত্যু হয়েছে। তাকে হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ৩০ সেপ্টেম্বরের হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে শিশুটির ঠিকানা হবিগঞ্জের লাখাই উপজেলায় উল্লেখ করা হয়েছে। এদিকে শিশুটির মৃত্যু সন্দেহজনক হাম রোগে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। এর মধ্যে সিলেটে ৪০৮, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে নতুন করে ১৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৫ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৫৭ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যরা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে ৫৬৮ জন ভর্তি আছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪১ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭৯ জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭১, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ এবং বিভাগের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য হাসপাতালে আরও রোগী চিকিৎসাধীন।
মৃত্যুর হিসাবেও সিলেট বিভাগের পরিস্থিতি উদ্বেগজনক। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে দেখা যায়, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৬৯ জন, হবিগঞ্জে ২৩ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৫ জন মারা গেছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা যথাক্রমে সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন। সন্দেহজনক ও নিশ্চিত দুই হিসাব মিলিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১৮১ জন।

