বাংলাদেশ নিয়ে উচ্ছ্বসিত ট্রাম্প

প্রন্তডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ও তুরস্ক বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন। সেই পোস্টে উড়োজাহাজ বিক্রির ঘটনাকে বোয়িং ও মার্কিন পণ্য প্রস্তুতকারক খাতের জন্য ‘বড় দিন’ হিসেবে অভিহিত করেন তিনি।
গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন ট্রাম্প।
ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগও রাখা হয়েছে। এতে সহায়তা করেছে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও মার্কিন বাণিজ্য দপ্তর। উড়োজাহাজ বিক্রির আয় যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।
ট্রাম্প তাঁর পোস্টে বলেন, ‘বোয়িং ও আমি সব সময়ই যে বিষয়টি জানতাম, বাজার এখন সেটিই স্বীকার করছে। আপনি যখন আমেরিকায় উৎপাদন করবেন, আমেরিকা থেকে রপ্তানি করবেন এবং মার্কিন কর্মীদের সমর্থন করবেন, তখন আপনার কোম্পানি আরও শক্তিশালী হয়ে উঠবে।’ শেষে ট্রাম্প তাঁর পোস্টে বোয়িং কর্মীদের অভিনন্দন জানান।

