সিলেট বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
প্রান্তডেস্ক:সিলেট বিভাগে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৫৬৯ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬১ জন সন্দেহভাজন হামে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হামের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগের অন্যান্য হাসপাতালের মধ্যে সর্বোচ্চ ৭৭ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে গোলাপগঞ্জে ৮ জন, বিয়ানীবাজারে ৫ জন, কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথে ৩ জন করে, গোয়াইনঘাট ও ফেঞ্চুগঞ্জে ২ জন করে এবং ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী চিকিৎসাধীন আছেন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে বিভাগে নতুন করে আরও ১৬১ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন নতুন রোগী ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

