হাসিনার উদ্দেশে ডা. জাহেদ উর রহমান: ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রান্তডেস্ক:ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকার তাকে ‘ধরে আনতে’ চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘আপনার (ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাকে ধরে আনতে চাই।’
তার ভাষ্য, ‘আপনি (শেখ হাসিনা) পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং আপনারা খেয়াল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন—তার এখন আর আপিল করার সুযোগ নেই। উনি এসে আপিল করে তার যে বিচার হয়েছে, সেটা যে পুনর্বিবেচনা করাবেন সেই সময়ও নেই তার’—উল্লেখ করেন তিনি।
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার প্রসঙ্গও সংবাদ সম্মেলনে তোলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শুধু বাঁধন নন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে যাওয়া অন্য যে কেউ এ ধরনের হামলার শিকার হতে পারেন। এমন পরিস্থিতির মধ্যে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কথা বলতে দেখা বাংলাদেশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারত একদিকে ইতিবাচক বার্তা ও কিছু সংকেত দিচ্ছে, আবার অন্যদিকে এমন কিছু ঘটছে যা সেই ইতিবাচক অবস্থানকে নেতিবাচক করে তুলছে।
শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে পাঠানো প্রতিবাদপত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি করা জরুরি। ভারত বাংলাদেশ সরকারের সঙ্গে যথেষ্টভাবে সম্পৃক্ত হতে চায়—এ বিষয়ে বাংলাদেশকে নিশ্চিত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


