মৃত বন্ধুকে জীবিত বলে অপহরণ নাটক, ধরা খেলেন চার বন্ধু

ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:একসঙ্গে ঘুরতে গিয়ে বন্ধুর মৃত্যু। অথচ সেই মৃত্যুর খবর পরিবারকে না জানিয়ে শুরু হয় নতুন নাটক। মৃত বন্ধুকে জীবিত দেখিয়ে অপহরণের গল্প সাজিয়ে তার পরিবারের কাছ থেকে ৬০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে চার বন্ধুর বিরুদ্ধে।
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে গোসলে নেমে মারা যায় সায়েদ মুনিফ আহমেদ শান (১৫), চট্টগ্রামের হালিশহরের ‘চট্টগ্রাম মডার্ন স্কুলের’ নবম শ্রেণির এই শিক্ষার্থী। পরে বন্ধুকে অপহরণ করা হয়েছে জানিয়ে পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ছেলেকে জীবিত ফেরত পাওয়ার আশায় পরিবার ৬০ হাজার টাকা বিকাশে পাঠালেও শানকে ছেড়ে না দিয়ে আরও টাকা দাবি করা হয়। এ ঘটনায় চার বন্ধুকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
নিহত সায়েদ মুনিফ আহমেদ শান (১৫) চট্টগ্রামের হালিশহরের ‘চট্টগ্রাম মডার্ন স্কুল’-এর নবম শ্রেণির ছাত্র এবং সন্দ্বীপের মগধারা এলাকার বাসিন্দা মোহাম্মদ মাহবুবুর রহমানের ছেলে।
কোনো উপায় না পেয়ে শানের বাবা হালিশহর থানায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) ও পরবর্তীতে এজাহার দায়ের করেন। পুলিশ সন্দেহভাজন চার বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে, ১৫ আগস্ট দুপুরে তারা সবাই মিলে পতেঙ্গা সমুদ্রসৈকতে ঘুরতে যায়। সাগরে গোসলে নামলে শান স্রোতের টানে ভেসে যায়। ভয়ে তারা বিষয়টি কাউকে না জানিয়ে যার যার বাসায় ফিরে আসে। তবে, ঘটনাটিকে অপহরণ হিসেবে চালিয়ে দিয়ে পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে তারা।
হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, শানের বন্ধুরা বলছে তারা ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা তা তদন্তের পর স্পষ্ট হবে। আপাতত আটক চার বন্ধুকে অপহরণ ও অর্থ আদায়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

