এবার সামিরা-আজিজসহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সালমান শাহ ভক্তদের
এবার সামিরা-আজিজসহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি সালমান শাহ ভক্তদের
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট, ২০২৬ ২:২২ অপরাহ্ণ | সংবাদটি ১ বার পঠিত
সংগৃহীত ছবি
প্রান্তডেস্ক:প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিনের রহস্য নতুন করে আলোচনায় এসেছে অভিনেতা ডনকে গ্রেপ্তারের পর। গত ৯ আগস্ট সালমান শাহ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মামলার ইতিহাসে এই প্রথম কোনো আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় ন্যায়বিচারের দাবিতে আরও সোচ্চার হয়েছেন সালমান শাহর ভক্তরা।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সালমান শাহ হত্যা মামলার দ্রুত তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেন তারা। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমান শাহর অসংখ্য ভক্ত অংশ নেন।ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেওয়া ভক্তরা সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
তাদের হাতে দেখা যায় সালমান শাহর ছবি ও ন্যায়বিচারের দাবিসংবলিত নানা প্ল্যাকার্ড।
মানববন্ধনে ভক্তদের প্রশ্ন, তিন দশক পেরিয়ে গেলেও কেন সালমান শাহর মৃত্যুর রহস্যের চূড়ান্ত সমাধান হয়নি? মামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাই কেন এখনো বিচারের মুখোমুখি হননি?তাদের দাবি, সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে তদন্তের যে সুযোগ তৈরি হয়েছে, তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জনসম্মুখে আনার আহ্বান জানান তারা।গ্রেপ্তার হওয়া অভিনেতা ডনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ তথ্য বের করে আনার দাবিও ওঠে মানববন্ধন থেকে।
একই সঙ্গে মামলায় অভিযুক্ত সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, রিজভী, লুসিসহ অন্যদের দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তদন্তের দাবি জানান সালমান শাহর ভক্তরা।
ভক্তদের প্রত্যাশা, ডনের গ্রেপ্তারের মধ্য দিয়ে সালমান শাহর মৃত্যু মামলার তদন্তে নতুন গতি আসবে। মামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির ভূমিকা নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রকৃত সত্য উদঘাটন করা হবে এবং দীর্ঘদিনের এই রহস্যের অবসান ঘটবে।