আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
প্রান্তডেস্ক:নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার (৯ আগস্ট) রাজধানী ঢাকাসহ পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি ঘিরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও দাবি-দাওয়া নিয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা, গণসমাবেশসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আদিবাসী, সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো।
বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, তাদের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ এবং জীবন-জীবিকার বিভিন্ন সংকট সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়।
১৯৯৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়ে আসছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটি সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনের পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, নারীর অধিকার, ঐতিহ্যগত জ্ঞান এবং নিরাপত্তার মতো বিষয়গুলো সামনে আনার সুযোগ তৈরি করে।
এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য—‘Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being’। প্রতিপাদ্যে আদিবাসী ধাত্রীদের অবদান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা তাদের ঐতিহ্যগত স্বাস্থ্যজ্ঞান ও মাতৃসেবার ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

