নিউইয়র্ক সফরের আগে মামদানির বিরুদ্ধে পাল্টা অভিযোগ নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। ছবি: এএফপি
বিবিসি :জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে তিনি শহরটির মেয়র জোহরান মামদানির বিরুদ্ধে পাল্টা এক অভিযোগ এনেছেন।
যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে নিউইয়র্কে গ্রেপ্তারের বিষয়ে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন মামদানি। যদিও পরে তিনি এই পদক্ষেপের জটিলতার দিকটি সামনে আনেন। তিনি স্বীকার করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার যথেষ্ট ক্ষমতা তাঁর হাতে নেই।
নেতানিয়াহু বলেন, ‘তাঁর (মামদানি) সবার মেয়র হওয়ার কথা। ইহুদি, খ্রিস্টান, মুসলিম- সবার মেয়র। কিন্তু তিনি এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছেন।’
নেতানিয়াহুর অভিযোগের বিষয়ে মামদানির দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

