জকিগঞ্জের মাহবুব সারওয়ার রাজন (২৫)-এর মরদেহ হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ
প্রান্তডেস্ক:সিলেটের জকিগঞ্জের মাহবুব সারওয়ার রাজন (২৫)-এর মরদেহ হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামের আবুল কালাম (কালু মিয়া) এর ছেলে।
রোববার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাজনের ছবি দেখে শনাক্ত করে তার পরিবার। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকার রেল লাইনের পাশ থেকে রাজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বড় ভাই মাহবুব হাসান মুন্না জানান, রাজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতাও নেওয়া হয়। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তারা জানতে পারেন যে, হবিগঞ্জের বহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাশপাড়া এলাকায় একটি ঝুপড়ি ঘর থেকে স্থানীয়রা দুপুরের দিকে একটি মরদেহ উদ্ধার করেছেন। পরে মরদেহটি রাজনের বলে শনাক্ত করা হয়।
নিহতের চাচা কামরুল ইসলাম বুলবুল বলেন, রাজনের মৃত্যু কীভাবে হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেছেন মরদেহ গ্রহণের জন্য। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, মাহবুব সারওয়ার রাজন প্রায় আট মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, নিহতের পরিবারের মাধ্যমে ঘটনাটি জেনেছি। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

