শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন
প্রান্তডেস্ক:মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন৷ এ ঘটনায় আহত হয়েছেন একজন। রোববার (২৮ জুন) বিকেলে হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) এবং তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। আহত সাব্বির (২৫) একই এলাকার শহিদ আলীর ছেলে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত তিনজনের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বাসের চালক ঘটনাস্থল থেকেই পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


