ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত শতাধিক
প্রকাশিত হয়েছে : ৮ জুন, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ | সংবাদটি ৭ বার পঠিত
প্রান্তডেস্ক::ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সোমবার ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।ছবি : রয়টার্স
অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে ভবন ধসে পড়া ও ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির পরিচালক টেরেসিটো বাকোলকল জানিয়েছেন, ভূমিকম্পটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
তিনি বলেন, ইতোমধ্যে পাওয়া ভিডিওগুলোতে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র দেখা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সুনামির কারণে এখন পর্যন্ত নতুন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।
দেশটির ভূমিকম্প সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮ এবং এটি সমুদ্রের নিচে ৩৩ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল সারাঙ্গানি প্রদেশের মায়াসিম শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী জেনারেল সান্তোস, যেখানে ৭ লাখেরও বেশি মানুষ বসবাস করে এবং যা টুনা রপ্তানি ও বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয় এবং এটি মালয়েশিয়াতেও অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলে ছোট আকারের সুনামি ঢেউও রেকর্ড করা হয়েছে।

