নিষেধাজ্ঞা দিয়ে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করা যাবে না
প্রান্তডেস্ক:নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র কখনোই এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ অর্জন করতে পারবে না বলে জানিয়েছে ইরানের হরমুজ প্রণালি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রেস টিভির।
স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ (পিজিএসএ) এ মন্তব্য করে।
এর তিন দিন আগে মার্কিন ট্রেজারি বিভাগ নবগঠিত এই সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। সংস্থাটি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি ও ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব পালন করছে।
বিবৃতিতে বলা হয়, ‘আপনারা স্থলভাগে কিংবা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছেন।’
ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক ‘আগ্রাসনের’ জবাবে ইরান তাদের শত্রু ও মিত্রদের জন্য এই কৌশলগত নৌপথ বন্ধ করে দেয়।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জাহাজ ও বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর হরমুজে আরও কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ যুদ্ধবিরতির শর্তের পরিপন্থি ছিল।
মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে পিজিএসএ বলেছে, ‘যে দেশের প্রেসিডেন্ট জলদস্যুতার প্রশংসা করেন, সেই দেশের নিষেধাজ্ঞাকে আমরা আমাদের কার্যক্রমের ইতিবাচক স্বীকৃতি হিসেবে দেখি।
বিবৃতির শেষে জানানো হয়, পিজিএসএর কার্যক্রম শুরুর প্রথম মাসের পরিসংখ্যান শিগগিরই প্রকাশ করা হবে।


