সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-ইহ- জগতে আর নেই
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
প্রান্তডেস্ক:কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। কয়েকদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে সাবেদুর রহমান সুমু তাঁর বাবার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায় একটি জানাজা হবে। তবে সেটির স্থান ও সময় এখনও নির্ধারণ করা হয়নি।
২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর ওই বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। পরে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখানে কারাবিধি অনুযায়ী ডিভিশন পাচ্ছিলেন তিনি। ২০২৫ সালের ৫ আগস্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারাগারের হাসপাতাল থেকে তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২০২৫ সালের ১৪ আগস্ট জামিনের মুক্তি পান।
১৯৭০ সালের নির্বাচনে মীরসরাই আসন থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে যুদ্ধকালীন চট্টগ্রামের সাব-সেক্টর কমান্ডার হিসেবে তিনি গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বপরূপ ২০১৯ সালে সরকার তাঁকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

