আলোচিত অপহরণ মামলায় সিলেটের আলী আহমদের যাবজ্জীবন
প্রান্তডেস্ক:সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ সংক্রান্ত একটি আলোচিত মামলার রায় হয়েছে। এতে অপহরণ ও ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও দেড়লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৩ এপ্রিল জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাসিন্দা ভিক্টিমের বাড়িতে ধানকাটা শ্রমিক হিসেবে আসেন আলী। এসময় ওই তরুণীর সঙ্গে আলী আহমদের পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন আলী আহমদকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এতে তিনি ক্ষুব্ধ হন। একই বছরের ১৪ জুন ওই তরুণী তার বড় বোনের বাড়িতে যাওয়ার পথে এলাকার সুনামগঞ্জ-সিলেট সড়কের পঞ্চগ্রাম যাত্রী ছাউনি থেকে আলী আহমদসহ কয়েকজন জোর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান।
পরে সিলেটের কানাইঘাট উপজেলার কানধলা গ্রামের একটি বাড়িতে রেখে একাধিকবার তাকে ধর্ষণ করেন আলী আহমদ।
পরিবারের লোকজন পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করেন। ঘটনার পাঁচদিন পর পরিবারের পক্ষ থেকে ১৯ জুন আলী আহমদের বিরুদ্ধে থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।
পুলিশ মামলার তদন্ত শেষে আলী আহমদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত মামলার বিচারকার্য পরিচালনাকালে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। এরপর মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

