আজ মহান মে দিবস
প্রান্তডেস্ক:শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের স্মৃতিবিজড়িত মহান মে দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
এবারের মে দিবসের প্রতিপাদ্য—“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”।
মে দিবস উপলক্ষে বিশ্বের ৮০টিরও বেশি দেশে সরকারি ছুটি পালন করা হয়। বাংলাদেশেও সরকারি ছুটির পাশাপাশি আলোচনা সভা, র্যালি ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
মহান মে দিবসের ইতিহাস শুরু হয় ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলনের মধ্য দিয়ে। সে সময় শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। এর বিরুদ্ধে ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকরা।
আন্দোলনের ধারাবাহিকতায় শিকাগোর হে মার্কেট এলাকায় সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় কয়েকজন নিহত হন। পরে কয়েকজন শ্রমিক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা বিশ্বজুড়ে প্রতিবাদের জন্ম দেয়।
পরবর্তীতে ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই দিনটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্যতার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।

