প্রান্তডেস্ক:পটুয়াখালীর কলাপাড়ায় ভিক্ষু সংঘের পিন্ড দান, দেশ বরেণ্য ভিক্ষুদের দেশনা প্রদান, ছন্দোগুন পাঠ, ধর্মীয় সংগীত ও ব্যতিক্রমী আলং নৃত্যের মধ্য দিয়ে রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোকে শেষ বিদায় জানানো হয়। ব্যতিক্রমী এ অনুষ্ঠান দেখতে স্থানীয়রা ভিড় করে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে বর্নিল আতশবাজির মধ্য দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সংশ্লিষ্টরা জানায়, সংঘরাজের মৃত্যুর ৯৯ দিন পর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়ায় তিনদিন ব্যাপী বর্নাঢ্য এ জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করে রাখাইন সম্প্রদায়। শনিবার অনুষ্ঠানের শেষ দিনে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগমন ঘটেছে হাজার হাজার রাখাইন নর-নারীর।
ধর্মগুরুদের অনুষ্ঠানিকতায় উপস্থিত বান্দরবান-খাগড়াছড়ি-কক্সবাজার থেকে আগমন রাখাইন নর-নারীরা
গত বছর ১৭ ডিসেম্বর তুলাতলীপাড়ার ভদন্ত উকোইন্দা মহাথেরো ৮৭ বছরে পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবন-যাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়।