৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

প্রান্তডেস্ক:ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী এ রিট করেছেন।
বুধবার (৪ মার্চ) দায়ের করা রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয় সরকার।
নিয়োগ পাওয়া প্রশাসকরা হলেন—মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন), মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর সিটি করপোরেশন), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা সিটি করপোরেশন), আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট সিটি করপোরেশন), মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন) এবং মো. শওকত হোসেন সরকার (গাজীপুর সিটি করপোরেশন)।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব ব্যক্তিকে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪-এর ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী নিয়োগ পাওয়া প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

