দেশে আবারও ভূমিকম্পের শঙ্কা, আন্তর্জাতিক আবহাওয়াবিদের সতর্কবার্তা
প্রান্তডেস্ক:ভূমিকম্পের আঘাতে একদিনে দুইবার কেঁপে উঠেছে বাংলাদেশ। সবশেষ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টা ৪০ মিনিটের দিকে ৫ দশমিক ৯ মাত্রার এক জোরালো ভূকম্পন অনুভূত হয়েছে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে। এর আগে, একইদিন ভোরে আরও একটি ভূমিকম্প অনুভূত হয় দেশে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ব্যাপারে এক সতর্কবার্তা দিয়েছেন।
৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের ২০ মিনিটের ব্যবধানে মিয়ানমারে আবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টা ৫১ মিনিটে দ্বিতীয় এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
এর আগে, ভোরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১, যা ‘মৃদু’ শ্রেণির ভূমিকম্প হিসেবে বিবেচিত। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাতক্ষীরার কলারোয়া এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।

