খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদে শোক প্রস্তাব
প্রান্তডেস্ক:বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় শোকপ্রস্তাব আনা হচ্ছে। আজ বুধবার ভারতের পার্লামেন্টের বাজেট অধিবেশনের প্রথম দিনে এই শোকপ্রস্তাব তোলা হবে।
রাজ্যসভার কার্যতালিকা থেকে এ তথ্য জানা গেছে। ২৭ জানুয়ারি প্রকাশিত কার্যতালিকায় বলা হয়, আজকের অধিবেশনে প্রয়াত তিনজন নেতার স্মরণে শোকপ্রস্তাব আনা হবে। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অন্য দুজন হলেন ভারতের সাবেক সংসদ সদস্য এল গণেশন এবং সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ কালমাদি।
একই দিনে ভারতের লোকসভাতেও একাধিক প্রয়াত নেতার স্মরণে শোকপ্রস্তাব আনার কথা রয়েছে। লোকসভায় যাদের স্মরণ করা হবে, তাদের মধ্যে সুরেশ কালমাদিও রয়েছেন।
ভারতের সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমের অংশ হিসেবেই এই শোকপ্রস্তাবগুলো তোলা হচ্ছে।
উল্লেখ্য, খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তার দাফন সম্পন্ন হয়। সেখানে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

