কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুই চাচাতো ভাই নিহত
স্থানীয় লোকজন জানান, উপজেলার শরীফপুর ইউনিয়নের স্থানীয় বটতলা বাজার থেকে মোটর সাইকেল যোগে তালতলা জামে মসজিদের সভাপতি ব্যবসায়ী গিয়াস উদ্দিন (৬০) ও তাঁর চাচাতো ভাই জালাল আহমদ (৪২) বাজার থেকে বাড়িতে যাবার পথে তালতলা এলাকায় গেলে সেখানে রাস্তার উপরে ধানের ফাড়া বিছানো ও স্তুপ থাকায় বিপরীত থেকে আসা একটি ব্যাটারি চালিত টমটম গাড়ির সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনই মারাত্বকভাবে আহত হন।
শরীফপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান মিয়া জানান, তাৎক্ষণিক গুরুতর আহত গিয়াস ও জালালকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত কর্তব্যরত ডাক্তাররা তাদের সিলেট এমএজি ওসমানি হাসপাতালে রেফার্ড করেন। সিলেটে যাবার পথে ব্যবসায়ী গিয়াস মারা যান ও রাত ৮টার দিকে হাসপাতালে জালালকে নিয়ে গেলে দুই জনকেই ডাক্তার মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে শরীফপুর ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বুধবার সকালে ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। বর্তমানে তাদের মরদেহ সিলেট ওসমানি হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

