প্রান্তডেস্ক:বিরোধী নেতারা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই এগিয়ে নিতে পারছিল না, তখন জনগণ ছাত্র-তরুণদের ওপর আস্থা রেখেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, ‘বিগত ১৬ বছরে চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ, গুম-খুনের বিরুদ্ধে লড়াইকে বিরোধী দলের নেতৃবৃন্দরা যখন এগিয়ে নিয়ে যেতে পারছিল না, নির্যাতিত হচ্ছিল; তখন কোটা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র-তরুণরা এক দফার মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রূপ দিয়েছিল। ফলে আপনারা আমাদের ওপর আস্থা রেখেছেন। আস্থা রেখে ৫ আগস্ট ঢাকা শহরে মার্চ করতে গিয়েছিলেন। গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে উৎখাত করেছিলেন।’
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এনসিপির এক পথসভায় তিনি এ কথা বলেন। এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছরের দ্বারপ্রান্তে আমরা রয়েছি। আমরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল না। কিন্তু ইতিহাস ও সময় আমাদের দাঁড় করিয়ে দিয়েছে আপনাদের সামনে। আমরা মনে করিয়ে দিতে এসেছি— আমাদের লড়াই শেষ হয়নি। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না, বিমানের ফিটনেস থাকে না। এমন একটা দেশে থাকি যেখানে মানুষের ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না।’
শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘সেই রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ভবিষ্যত প্রজন্মের জন্য ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব— যারা রাস্তায় জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রাষ্ট্রের ফিটনেস ও মেরামত আমাদের করতে হবে। সেই রাষ্ট্র সংস্কার ও নতুন বন্দোবস্তের জন্যই আমরা আপনাদের কাছে এসেছি।’
গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম। আমরা এখন গণতান্ত্রিকভাবে-নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই বলে প্রত্যাশার কথা জানান তিনি।
সুনামগঞ্জকে নতুন করে গড়ে তোলার কথা জানিয়ে নাহিদ বলেন, ‘মুজিববাদ নানা ছলে—বলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক—সাংস্কৃতিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, মুজিববাদ মানে— একদলীয় শামসব্যবস্থা, লুটপাট, দুনীর্তি, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে। মুজিববাদ আদর্শ শক্তির বিরুদ্ধে দেশের মানুষকে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’