শিক্ষাবিদ, পন্ডিত ও অভিধান-প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় ১৮৬৭ সালের ২৩ জুন অবিভক্ত বাংলার চব্বিশ পরগনা জেলার রামনারায়ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা শিবচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্থানীয় এক জমিদারের কাচারিতে চাকরি করতেন। ছাত্রজীবনেই হরিচরণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত হন। পতিসরে জমিদারি পরিদর্শনে এসে রবীন্দ্রনাথ হরিচরণের জ্ঞানচর্চায় আগ্রহ লক্ষ করে তাকে শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ে সংস্কৃতের শিক্ষক নিযুক্ত করেন। রবীন্দ্রনাথের অভিপ্রায় ও পৃষ্ঠপোষকতায় হরিচরণ বন্দ্যোপাধ্যায় একটি কোষগ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। এরই ফসল বিখ্যাত ‘বঙ্গীয় শব্দকোষ’। এ ছাড়াও হরিচরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন ‘রবীন্দ্রনাথের কথা’, ‘সংস্কৃত-প্রবেশ’, ‘ব্যাকরণ-কৌমুদী’ প্রভৃতি গ্রন্থ। ১৯৫৭ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে ‘দেশিকোত্তম’ উপাধিতে ভূষিত করে। ১৯৫৯ সালে তিনি মৃত্যুবরণ করেন।