বাণিজ্যমন্ত্রী মুক্তাদির :রাজনীতি করার অধিকার হারিয়েছে আওয়ামী লীগ, তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত
প্রান্তডেস্ক:বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কয়লা ধুলে ময়লা যায় না। আওয়ামী লীগ অনেক আগেই রাজনীতি থেকে বিচ্যুত হয়েছে। বিগত দিনে তারা লুটপাট চালিয়েছে, রাষ্ট্রীয় কোষাগার তছরুপ করেছে, এরপর দেশ ছেড়ে পালিয়েছে। এখন অস্তিত্ব প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড চালাচ্ছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল শেষে শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিজ্ঞাপন তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন তাদের গ্রেপ্তার করবে। কোথাও সন্দেহজনক কাউকে দেখলে কিংবা তাদের অবস্থান সম্পর্কে তথ্য পেলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সাধারণ মানুষের হাতে পড়লে তারা রক্ষা পাবে না। মানুষের মুখোমুখি হওয়ার সাহস নেই বলেই তারা চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। সারাদেশের সন্ত্রাসীরা গোপালগঞ্জে জড়ো হয়েছে। এই জিম্মিদশা থেকে গোপালগঞ্জকেও আমরা মুক্ত করব। প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, পাড়া-মহল্লায় মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে। অগ্নিসন্ত্রাসীদের রুখে দিতে হবে। তারা কাপুরুষের মতো আক্রমণ করেছে। তাদের কর্মকাণ্ড নজরদারিতে রয়েছে। তারা মিথ্যার রাজনীতি করে মানুষ পুড়িয়ে মারবে, আর আমরা চোখ বন্ধ করে বসে থাকব—তা হতে পারে না। জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চোরাগোপ্তা হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ সংগ্রামের পর আমরা দেশের উন্নয়নের যাত্রা শুরু করেছি। দেশের উন্নয়ন ব্যাহত করতেই সন্ত্রাসীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে। রাজনৈতিক পথ রুদ্ধ হয়ে যাওয়ায় তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা এসব অপতৎপরতা প্রতিহত করে এগিয়ে যাব। পলাতক সন্ত্রাসীদের চোরাগোপ্তা হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। আমাদের ভদ্র আচরণকে দুর্বলতা মনে করলে ভয়াবহ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। কিন্তু ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের প্রতিহত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, সন্ত্রাসী গোষ্ঠী আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন দিয়েছে। তাদের এ ধরনের অরাজনৈতিক ও সন্ত্রাসী আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না। নেতাকর্মীরা সারা বছর রাজপথে থাকবে। আমাদের নেতা তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব পালন করবেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, আমরা অনেক সহ্য করেছি। বিদেশি প্ররোচনায় পলাতক শেখ হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব। এ ধরনের অপতৎপরতা রুখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি বলেন, সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আশাবাদী, বর্তমান বিএনপি সরকার এ ধরনের হত্যাকাণ্ড ও নাশকতা প্রতিরোধে কঠোর ভূমিকা পালন করবে। তাহলেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের সব ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। কুখ্যাত সন্ত্রাসীরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন দিয়েছে। এসব সন্ত্রাসীকে আর ছাড় দেওয়া যায় না। তাদের প্রতিহত করতে হবে। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্খী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

