নাশকতার আশঙ্কা : ওসমানী বিমানবন্দরে কড়া নজরদারি, অতিরিক্ত এপিবিএন সদস্য মোতায়েন

ছবি: সংগৃহীত
প্রান্তডেস্ক:নাশকতার আশঙ্কায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের ভেতরে ও বাইরের এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি অতিরিক্ত আনসার ও এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল চারটা থেকে বিমানবন্দরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়। দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মাহমুদ আখতার হোসেন জানান, নির্দেশনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত আনসার ও এপিবিএনের সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রেক্ষিতে বিমানবন্দরগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ওসমানী বিমানবন্দরের প্রবেশপথ, সীমানাপ্রাচীর ও ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলমান রয়েছে বলে জানান তিনি।
এদিকে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল বজায় রাখতে নির্দেশনা দেয় বেবিচক। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া বিমানবন্দর প্রাঙ্গণে প্রবেশকারী যানবাহনে কঠোর তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তাকর্মীদের। রাতে ফ্লাইট চলাচল বন্ধ থাকে এমন বিমানবন্দরগুলোতেও নিয়মিত টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখতে বলা হয়েছে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল গণমাধ্যমকে জানান, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার দেশের সব বিমানবন্দরের জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।
নিরাপত্তা নজরদারি আরও জোরদার করতে বিমানবন্দরগুলোর ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরার নজরদারি সম্প্রসারণের উদ্যোগও নিয়েছে বেবিচক। এ বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে। প্রস্তাবিত এ ব্যবস্থা চালু হলে বিমানবন্দর ও আশপাশের এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ আরও জোরদার হবে।

