বেলুচিস্তানে অভিযানে মেজর নিহত, মারা গেছে চার ‘সন্ত্রাসী’
সোমবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, বেলুচিস্তানের গোয়াদর জেলার শাদি কৌর ও পাসনি এবং কালাত জেলার জাট্টাকাবাদ এলাকায় সন্ত্রাসীদের একাধিক আস্তানায় ধারাবাহিক অভিযান চালানো হয়েছে।
আইএসপিআর জানায়, ১৮ অক্টোবর প্রথম অভিযানে জাট্টাকাবাদ এলাকায় চার সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
দ্বিতীয় ঘটনায় গোয়াদর জেলার শাদি কৌর ও পাসনি এলাকায় ধারাবাহিক তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় অভিযানটির নেতৃত্বে থাকা ৩৪ বছর বয়সী মেজর ওয়াজাহাত ওয়াহিদ বোমা হামলায় নিহত হন। তার বাড়ি লাহোরে। একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিনি প্রাণ হারান।
বিবৃতিতে আইএসপিআর আরও জানায়, এলাকায় অন্য কোনো সন্ত্রাসী লুকিয়ে থাকলে তাদের নির্মূল করতে তল্লাশি অভিযান চলবে। জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
অভিযান জোরদার
পাকিস্তানের বেলুচিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। এ পরিস্থিতিতে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে নিরাপত্তা বাহিনী।
এর আগের দিন বেলুচিস্তানের কোয়েটা, নুশকি ও খুজদার জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে ‘ভারতের মদদপুষ্ট বলে দাবি করা’ আট সন্ত্রাসীকে হত্যার কথা জানায় নিরাপত্তা বাহিনী।
১২ ও ১৩ অক্টোবরের মধ্যবর্তী রাতে ওয়াশুক এলাকায় একটি সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে পাঁচজনকে হত্যার কথা জানায় আইএসপিআর।
এর কয়েক দিন পর বেলুচিস্তান সরকারের কর্মকর্তারা জানান, প্রদেশটির বিভিন্ন এলাকায় অভিযানে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ছয় সদস্য, আত্মঘাতী হামলার প্রস্তুতি নিচ্ছিলেন এমন দুই নারী এবং একটি নিষিদ্ধ সংগঠনের দুই কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে।
কর্মকর্তারা জানান, গ্রেফতার প্রায় ৯০ সন্ত্রাসীকে একটি কেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম চলছে। এর আগে চলতি মাসে বেলুচিস্তানের মাস্তুং জেলায় পাঁচ সন্ত্রাসীকে হত্যার খবর প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) সংকলিত তথ্য অনুযায়ী, বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা জুলাইয়ে ৮৩টি থেকে বেড়ে আগস্টে ৮৯টিতে দাঁড়ায়। অর্থাৎ হামলা বেড়েছে ৭ শতাংশ। প্রতিবেদনটিতে বেলুচিস্তানকে সন্ত্রাসবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান সরকার বেলুচিস্তানভিত্তিক কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে অভিহিত করেছে। দেশটির সামরিক বাহিনীর ব্যবহৃত এই পরিভাষার মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের কথিত ভূমিকা তুলে ধরার চেষ্টা করা হয়।
সূত্র: ডন

