মার্কিন ডেটা সেন্টার ও এআই স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি ইরানের

প্রান্তডেস্ক:যুক্তরাষ্ট্র ফের আক্রমণ করলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনা ও যোগাযোগের সাবমেরিন কেব্ল ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।
এসব অবকাঠামোকে ওই অঞ্চলে মার্কিন অর্থনীতির ‘স্পন্দন’ হিসেবে বর্ণনা করেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি। তার দাবি, এসব সম্পদের মূল্য ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি। যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে নতুন সামরিক সক্ষমতা ব্যবহারের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানান তিনি।
রবিবার (১১ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজায়ি।
তিনি বলেছেন, এসব স্থাপনা এখনও ইরানের হামলার লক্ষ্যবস্তু হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে নতুন করে যুদ্ধ শুরু হলে সেগুলো ধ্বংস করা হবে।
আরও পড়ুন: ইরান চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে করবে জানে না: ট্রাম্প ৩০ মিনিটের ওই সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনীতি, হরমুজ প্রণালি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি অবকাঠামোতে সম্ভাব্য হামলাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
রেজায়ি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত ও হরমুজ প্রণালির আশপাশে যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যয়বহুল সম্পদ রয়েছে। আমরা এখনো এসব সম্পদকে আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত করিনি। কিন্তু যুদ্ধ শুরু হলে এসব কেব্ল, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তার স্থাপনা এবং আরও অসংখ্য স্থাপনা ধ্বংস হয়ে যাবে।
তিনি বলেন, ‘প্রথম সপ্তাহেই আমরা আমাদের সব সক্ষমতা প্রকাশ করে এমনভাবে পদক্ষেপ নিইনি। তা করলে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য আমাদের হাতে খুব বেশি কিছু অবশিষ্ট থাকত না।’
রেজায়ি আরও বলেন, ‘আজ যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে আমরা অবশ্যই আরও বিস্তৃত ও ব্যাপক পরিকল্পনা নিয়ে শত্রুর মোকাবিলা করব।’

