রহস্যে ঘেরা শতবর্ষী ‘চালানি’ হিজল গাছ, দেখতে মানুষের ঢল
ছবি : সংবাদ
প্রান্তডেস্ক:টাঙ্গাইলের ঘাটাইলের এক বিলের পাশে দাঁড়িয়ে থাকা একটি প্রাচীন হিজল গাছ ঘিরে তৈরি হয়েছে নানা লোককাহিনী ও অলৌকিক বিশ্বাস। ‘চালানি হিজল’ নামে পরিচিত এই গাছটিকে একনজর দেখতে এবং মানত করতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
স্থানীয় বয়োজ্যেষ্ঠদের দাবি, মাঝারি আকারের ছাতার মতো গোলাকৃতি এই হিজল গাছটির বয়স আনুমানিক ৫০০ থেকে ৭০০ বছর। প্রচলিত রয়েছে, প্রাচীনকালে কোনো এক জাদুকর মন্ত্র বলে ভারত থেকে অলৌকিকভাবে উড়িয়ে এনে গাছটি এখানে বসিয়েছিলেন। অলৌকিক এই বিশ্বাস থেকে দূর-দূরান্ত থেকে আসা মানুষ এখানে মানত করেন এবং তাতে উপকার পান বলেও দাবি করেন অনেকে।
তবে উদ্ভিদ বিজ্ঞানীদের মতে, হিজল একটি অত্যন্ত সহ্যক্ষমতাসম্পন্ন চিরহরিৎ বৃক্ষ। মাসের পর মাস পানির নিচে নিমজ্জিত থেকেও এটি বেঁচে থাকতে পারে এবং এর শক্তিশালী শিকড় প্রবল স্রোতেও টিকে থাকে।


