প্রান্তডেস্ক:সিলেটে বাংলাদেশ বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে দেলোয়ার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেতারের কর্মীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

নিহত দেলোয়ার নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ তার পরিচয় শনাক্ত করে পরিবারের সদস্যদের খবর দিয়েছে। রাত ৯টা পর্যন্ত মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছিল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, বেতার কমপ্লেক্সের ভেতরে একটি দেয়ালের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মরদেহের নাক ও কানে রক্তের দাগ দেখা গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, নিহত ব্যক্তি বাংলাদেশ বেতারের কর্মী না। মরদেহটি বেতার কমপ্লেক্সের ভেতরে কীভাবে এলো পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা সিসিটিভি ফুটেজ দেখছেন। সিসিটিভি ফুটেজ দেখলে বিস্তারিত পাওয়া যাবে।