তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, ১৩ তিউনিসীয় নিখোঁজ
ছবি : সংগৃহীত
প্রান্তডেস্ক:তিউনিসিয়া উপকূলে ইতালিগামী একটি অভিবাসীবোঝাই নৌকা ডুবে অন্তত ১৩ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হলেও তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (২২ আগস্ট) তিউনিসিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান মোস্তফা আবদেলকেবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে নৌকাটি তিউনিসিয়া উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছিল।
উদ্ধার হওয়া এক ব্যক্তি জানান, মাঝসমুদ্রে নৌকাটি উল্টে যাওয়ার পর তারা দীর্ঘ সময় পানিতে ভাসছিলেন। পরে একটি স্থানীয় নৌকার সহায়তায় তাদের উদ্ধার করা হয়। মোস্তফা আবদেলকেবির জানান, উদ্ধার হওয়া দ্বিতীয় ব্যক্তির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
একসময় তিউনিসিয়া ছিল ইউরোপে যাওয়ার প্রধান রুট। তবে গত দুই বছর ধরে ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় উপকূলে কড়া নজরদারি বাড়ানো হয়েছে। এর ফলে সমুদ্রপথে অবৈধ যাত্রা আগের চেয়ে অনেকটাই কমেছে।
এদিকে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করেছে যে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তিউনিসিয়ার এই অভিবাসন চুক্তির ফলে অভিবাসীদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়ছে। তারা ইইউকে এই সহায়তা স্থগিত করার আহ্বান জানিয়েছে।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইউরোপে প্রবেশের জন্য ভূমধ্যসাগরের এই রুটটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ পথ হিসেবে পরিচিত। প্রায়ই জরাজীর্ণ ও অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় করে উত্তাল সমুদ্র পাড়ি দিতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে।


