২৩তম রাষ্ট্রপতি নির্বাচন : ইসিতে ভোটার তালিকা পাঠাল সংসদ

জাতীয় সংসদ। ছবি : সংগৃহীত
প্রান্তডেস্ক:দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। জাতীয় সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের নাম সংবলিত ভোটার তালিকা বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর এই পদের জন্য নির্বাচনের প্রস্তুতি শুরু করে কমিশন। সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করতে হয়।
এর আগে ৩ আগস্ট নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা ও তারিখ নির্ধারণের লক্ষ্যে সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে। সেই তালিকা হাতে পাওয়ার পর এখন কমিশন আলোচনার মাধ্যমে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। আইন ও সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই ভোটার হিসেবে গণ্য হন এবং তাদের গোপন ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হয়।

