শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

প্রান্তডেস্ক:ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত জুলাই অভ্যুত্থানের শহীদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া-র সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, “শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলাতক একজন আসামি। তাঁর মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং নানা হত্যা ও দুর্নীতির মামলায় বিচার চলছে। অত্যন্ত উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে তাঁকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছে ভারত সরকার। আইন থাকা সত্ত্বেও তাঁকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ দেওয়া আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান।”
তিনি আরও বলেন, “দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও ভারত কোনো জবাব দেয়নি। বরং তাঁকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা পারস্পরিক বিশ্বাস ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের শামিল।”
দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে রিজভী বলেন, “দেশে গ্যাস, হাম ও ডেঙ্গুসহ সব ধরনের সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর অঙ্গীকার মোতাবেক জনগণকে প্রাধান্য দিয়েই সরকার পরিচালিত হচ্ছে। তবে বর্তমান সরকারকে ব্যর্থ করতে একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে।”

