সিলেটের ফয়সল মাহমুদসহ ১৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
প্রান্তডেস্ক:পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
জানা যায়, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়। তিনি একসময় সিলেটে দীর্ঘদিন কাজ করেছেন। সর্বশেষ তিনি সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হয়ে এসেছিলেন। এর আগে তিনি সিলেট মহানগর পুলিশের এডিসি ও ডিসি ট্রাফিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ তালিকায় আরও রয়েছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ ও কানিজ ফাতেমা, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) ফরিদা ইয়াসমিন।


