মাদকবিরোধী সভায় গুলি ও ককটেল বিস্ফোরণ, ছাত্রদলকর্মী আহত
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ২২ বার পঠিত

প্রান্তডেস্ক:মাদকবিরোধী সচেতনতামূলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এস এম আফতাব আহমেদ নামে এক ছাত্রদলকর্মী আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পাবনার সুজানগর পৌরসভার মানিকদীর তিনমাথার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতে বিএনপিকর্মী আনিসুর রহমান সুজানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আফতাব আহমেদ নামের ওই ছাত্রদলকর্মী আহত হন। পরে তাকে সুজানগর উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে মাদক সেবনের অভিযোগে সুজানগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম বাবুকে আটক করে ডোপ টেস্টে পাঠায় পুলিশ। ডোপ টেস্টে তার শরীরে নিষিদ্ধ মাদকের উপস্থিতি শনাক্ত হওয়ায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেন।
মাদকবিরোধী পক্ষের দাবি, বাবুর অনুসারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। অন্যদিকে বাবুর অনুসারীরা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মাদকবিরোধী পক্ষই সশস্ত্র অবস্থায় তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
আহত ছাত্রদলকর্মী আফতাব আহমেদ বলেন, শফিউল আলম বাবুকে আটকের পর থেকে স্থানীয় মাদক ব্যবসায়ীরা আমাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। সোমবার সন্ধ্যায় সভায় বক্তব্য দেওয়ার সময় অতর্কিত হামলার শিকার হই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
এ বিষয়ে সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

