২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রান্তডেস্ক:বিগত ২০২৫ সালের তুলনায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, “পরিস্থিতি উদ্বেগজনক কি না, তা মূলত জনগণই নির্ধারণ করবে।” তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সোমবার (৮ জুন) দুপুরে সচিবালয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ বাহিনী আগের চেয়ে অনেক বেশি জনবান্ধব হয়েছে এবং তারা মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে। এ কারণে তাদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া উচিত।”
তিনি আরও উল্লেখ করেন, পুলিশ বাহিনীকে নৈতিকভাবে আরও উৎসাহিত (বুস্টআপ) করার অংশ হিসেবে যারা কৃতিত্বপূর্ণ কাজ করেছে, তাদের পুরস্কৃত করার এই ধারা অব্যাহত থাকবে। এই পুরস্কারের অংশ হিসেবে সনদ ও আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে।
একই অনুষ্ঠানে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া তিনটি গুরুত্বপূর্ণ অপরাধের ঘটনায় পেশাদার ও প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুরস্কার হিসেবে সনদসহ প্রত্যেক পুলিশ সদস্যকে ২০ হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়।
এ ছাড়া অপরাধের পর অত্যন্ত দ্রুততম সময়ে আসামি গ্রেপ্তার এবং সুচারু তদন্তে বিশেষ ও প্রশংসনীয় ভূমিকার জন্য কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তিনজনকে আইজিপি ব্যাচ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

