প্রান্তডেস্ক:হিন্দুত্বে বিশ্বাস করেন না। বরাবর ঠোঁটকাঁটা। নিন্দুকেরা বলেন, কখনও কখনও তার ভাষ্য শালীনতার সীমা ছাড়ায়। রাজ্যে পালাবদলের পর এবার বিপাকে পড়তে পারেন কবীর সুমন। তার বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করল ‘জাতির কথা’ নামের এক সংগঠন।
ওই সংগঠনের সদস্যদের দাবি, কবীর সুমন নারীদের অপমান করেছেন। তার কথাবার্তায় হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে। জাতির কথা সংগঠনের তরফে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ দায়ের করার কথা জানানো হয়েছে। সংগঠনের সদস্যদের বক্তব্য, ‘কবীর সুমন নিজেকে বুদ্ধিজীবী মনে করেন। তাঁর যে ধরনের ভাষা, নারীদের এবং বাঙালি মানুষদের প্রতি যে ধরনের ভাষা উনি ব্যবহার করেন, সেটা আমরা বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে এবং নারী সম্মানকারী হিসেবে, এটা বরদাস্ত করতে পারিনা।’
ওই সংগঠনের সদস্যদের বক্তব্য, ‘শিল্পীকে যাতে জেলে ঢোকানো যায়, তার জন্য যাবতীয় ব্যবস্থা করব আমরা। আমাদের সংগঠনের কর্মীরা একত্রিত হয়েছি, এই কারণেই যে হিন্দু সমাজকে অসম্মানিত এবং তাচ্ছিল্য করা যাবে না। যে কথা তিনি বলেছেন, তাঁর মূল্য দিতে হবে।’ যদিও পুলিশ সূত্রের খবর, সুমনের বিরুদ্ধে এখনও কোনো এফআইআর দায়ের করা হয়নি। নিয়ম মেনে খোঁজখবর চলেছে। ৩ বছর আগে একটি টেলিভিশন চ্যানেলে কিছু বিরূপ মন্তব্য করার অভিযোগ রয়েছে গায়কের বিরুদ্ধে। সেই নিয়েই মূল অভিযোগটি দায়ের হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ।