হামলার শঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে উচ্চ নিরাপত্তা
প্রান্তডেস্ক:জঙ্গি হামলার শঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সকল স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।
সূত্র আরও জানায়, বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সবধরনের নিরাপত্তা হুমকি বিবেচনা করে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অ্যারাইভাল ও ডিপারচার সবক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিও জোরদার করা হয়েছে। কোনো কিছু অস্বাভাবিক দেখা মাত্রই দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে।
বেসামরিক বিমান চলাচলা কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের ৮ টি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, বিমানবন্দরগুলো সব সময়েই নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর তা আরও বাড়ানো হয়েছে। এটি নিয়মিত কাজের অংশ।

