- প্রচ্ছদ
- জাতীয়
- ন্যায্য অধিকার আদায়ে মানুষ শেরে বাংলার কথা ভুলবে না : মির্জা ফখরুল
ন্যায্য অধিকার আদায়ে মানুষ শেরে বাংলার কথা ভুলবে না : মির্জা ফখরুল
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১৯ বার পঠিত

প্রান্তডেস্ক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদানের কথা কোনোদিন ভুলবে না। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কিংবদন্তী হিসেবেও ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।রবিবার জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।বাণীতে মির্জা ফখরুল বলেন, জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আমি তাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। ঔপনিবেশিক শক্তির অমানবিক, অন্যায় ও চাপিয়ে দেওয়া কঠোর শাসনের বিরুদ্ধে সোচ্চার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। এ দেশের কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঋণ সালিশী বোর্ড গঠন তার একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ।
বিএনপি মহাসচিব বলেন, তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত অসাধারণ প্রতিভার অধিকারী একজন মহান ব্যক্তিত্ব। আমাদের জাতীয় ইতিহাসে তার অবদানের গুরুত্ব অপরিসীম। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন। আমি মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের রূহের মাগফিরাত কামনা করি।