দ্য টেলিগ্রাফের বিশ্লেষণ:: বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন

প্রান্তডেস্ক:মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে চীন থেকে রাসায়নিক বহনকারী কয়েকটি জাহাজ ইরানে পৌঁছেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনাকে বিশ্লেষকেরা কেবল একটি সামরিক সরবরাহ হিসেবে নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন।
ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত চারটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি পতাকাবাহী জাহাজ দেশটির বন্দরে ভিড়েছে এবং আরো একটি জাহাজ উপকূলের কাছে অবস্থান করছে। চীনের ঝুহাই শহরের গাওলান বন্দর থেকে যাত্রা শুরু করা এসব জাহাজ রাসায়নিক সংরক্ষণ সুবিধা ও বহনের জন্য পরিচিত।
মধ্যপ্রাচ্যের নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা মার্কিন বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, সংঘাতের এই পর্যায়ে ইরান দ্রুত তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠনের চেষ্টা করছে এবং এই ধরনের আমদানি সেই চেষ্টারই প্রতিফলন।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ‘গোলবান’ ও ‘জাইরান’ নামের দুটি জাহাজের সক্ষমতা থেকে অনুমান করা যায় যে, ইরান অতিরিক্ত ৭৮৫টি ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য যথেষ্ট কাঁচামাল আমদানি করে থাকতে পারে।
এর অর্থ হলো, শুধু নতুন চালান দিয়েই যুদ্ধ পর্যবেক্ষক ও বিশ্লেষকদের অনুমান অনুযায়ী ইরান আরো এক মাস ধরে সহজেই প্রতিদিন ১০ থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখতে পারে।
চীনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। চীন আনুষ্ঠানিকভাবে সরাসরি সামরিক সহায়তার কথা অস্বীকার করলেও, বাণিজ্যিক পণ্যের আড়ালে এই ধরনের কাঁচামাল সরবরাহ অব্যাহত রাখছে বলে বিশ্লেষকদের ধারণা। এতে একদিকে তারা আন্তর্জাতিক চাপ এড়াতে পারছে, অন্যদিকে ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখছে। একই ধরনের কৌশল তারা রাশিয়ার ক্ষেত্রেও ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে।
তবে চীনের জন্য এটি একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষার বিষয়। এর কারণ ইরান উপসাগরীয় অঞ্চলে হামলা চালাচ্ছে, যেখানে বেইজিং অবকাঠামো প্রকল্পে বিপুল বিনিয়োগ করেছে।

