এসএসসি পরীক্ষা নিয়ে ৩১ নির্দেশনা শিক্ষা বোর্ডের

নির্দেশনায় বলা হয়, ৫ থেকে ৬ ফুট দৈর্ঘ্যরে বেঞ্চে সর্বোচ্চ দুজন এবং ৪ ফুট দৈর্ঘ্যরে বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবে। পাশাপাশি পরীক্ষার হলে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ এবং প্রতিটি কক্ষে ন্যূনতম দুজন পরিদর্শক রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এরপর কেউ দেরিতে এলে বিশেষ বিবেচনায় প্রবেশের সুযোগ দেওয়া যাবে, তবে তার তথ্য রেজিস্টারে লিখে রাখতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে এবং নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্রের প্যাকেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করতে হবে। সৃজনশীল (সিকিউ) ও বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র আলাদা সেটে সিকিউরিটি খামে প্যাকেট করতে হবে। খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পরীক্ষার দিন নির্ধারিত সেট কোড নিশ্চিত হয়েই কেবল প্রশ্নপত্র খোলা যাবে। অন্য সেট ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

