প্রান্তডেস্ক:মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দ্রুত অবসান চায় রাশিয়া। এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে ক্রেমলিন প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানায়।
রুশ বার্তা সংস্থা তাস-এর প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নেতাদের সাথে নিয়মিত আলোচনার অংশ হিসেবে বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলার কথা রয়েছে পুতিনের।
এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইরান সংঘাত নিরসনে অবদান রাখতে রাশিয়া সচেষ্ট এবং প্রেসিডেন্ট পুতিন আঞ্চলিক নেতাদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখছেন। পেসকভ সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট এই যোগাযোগ অব্যাহত রেখেছেন। যদি আমাদের পরিষেবার প্রয়োজন হয়, তবে আমরা অবশ্যই সামরিক পরিস্থিতিকে দ্রুততম সময়ে শান্তিপূর্ণ ধারায় ফিরিয়ে নিতে অবদান রাখতে প্রস্তুত।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ সংক্রান্ত ভাষণ এবং ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় পেসকভ এসব কথা বলেন। এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, রাশিয়া ন্যাটোকে একটি ‘শত্রু জোট’ হিসেবেই বিবেচনা করে।