প্রান্তডেস্ক:বাংলাদেশের জন্মশত্রুদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি, শ্রমিক জোট, জাতীয় যুব জোট ও ছাত্রলীগ নেতৃবৃন্দ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনকালে এ আহ্বান জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে জাসদ নেতৃবৃন্দ বলেন, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠতম অর্জন বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ৫৫ বছর অতিবাহিত হবার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রমাণ করেছে বাঙালির স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার ঐতিহাসিক ন্যায্যতা ছিল।
স্বাধীনতা উত্তরকালে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গণতন্ত্র— সমাজতন্ত্র— ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে দেশ পরিচালনা সম্ভব হয়নি।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের জন্মশ্রত্রু পাকিস্তানপন্থীরা রাষ্ট্র ক্ষমতায় ব্যবহার করে ৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধেও নাম— নিশানা— ইতিহাস—স্মারক চিহ্ন মুছে ফেলছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মীমাংসিত বিষয়গুলো অমীমাংসিত ও অস্বীকার করেছে। এই রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের জন্মশত্রুদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সব গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি জাসদ নেতৃবৃন্দ আহ্বান জানান।
মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জাসদ সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. মোহম্মদ সেলিম, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদকশরিফুল ইসলাম সুজন, আল আজম খান, যুব জোট ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলাউদ্দিন খোকন, শ্রমিক জোট নেতা রায়হান আহমেদ মুকুল, ছাত্রলীগ সহ সম্পাদক নাইম মল্লিক, ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি সোরায়েদ হোসেন সাদী প্রমুখ।