৪ দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ | সংবাদটি ১৯ বার পঠিত
প্রান্তডেস্ক: নতুনসরকার গঠনের পর প্রথমবারের মতো চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী শনিবার (২৮ মার্চ) এই সফর শুরু হবে বলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।
রাষ্ট্রপতির সফরসূচি অনুযায়ী:
- শনিবার (২৮ মার্চ): দুপুর সোয়া ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারযোগে পাবনা ক্যাডেট কলেজ মাঠে নামবেন। পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি সেখানে রাত্রিযাপন করবেন।
- রোববার (২৯ মার্চ): সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। এদিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
- সোমবার (৩০ মার্চ): সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদে যাবেন। একই দিন সন্ধ্যা ৭টায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজের বাসভবনে সময় কাটাবেন।
- মঙ্গলবার (৩১ মার্চ): সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে পাবনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে ইতোমধ্যে একাধিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির এটিই প্রথম পাবনা সফর হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

