প্রান্তডেস্ক:দেশের স্বার্থ বজায় রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়ন করবে সরকার। সোমবার (২৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শামা ওবায়েদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া অন্তর্বর্তী সরকারের চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করবে। তবে এক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা করা হবে।
তিনি বলেন, সব দেশের সঙ্গেই কিন্তু আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড (রপ্তানিমুখী) দেশ। এলডিসি গ্রাজুয়েশনসহ সবকিছু মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সুতরাং চুক্তির বিষয়ে আলোচনা হবে এবং আলোচনার ভিত্তিতেই সবকিছু হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সময় শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সরকার সক্রিয় আছে বলেও জানান।
রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনা সরকার পুরো বারোটা বাজিয়ে দিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এখানে কোনও কাজই হয়নি। সেই জায়গা থেকে বিএনপির অবশ্যই রোহিঙ্গা সমস্যা সমাধানের এক্সপেরিয়েন্স আছে। দুইবার আমরা সাকসেসফুলি করতে পেরেছিলাম। কিন্তু এখনকার চেয়ে বিগত দিনের পার্থক্য হচ্ছে যে, এখন অনেক বেশি কমপ্লিকেটেড।