‘বিএনপি বেহেশতের টিকিট বিক্রি করে না, সৎ কাজ দিয়েই বেহেশতে যাব’
প্রান্তডেস্ক:বাংলাদেশে ধর্ম নিয়ে ব্যবসা বা ধর্ম বিক্রি করে রাজনীতি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমরা অন্যান্য নেতার মতো বেহেস্তের টিকিট বিক্রি করি না; আমরা আমাদের কাজ এবং ইবাদত দিয়েই বেহেশতে যাব।”
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাবলার হাট এলাকায় হেনা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের ৯৫ ভাগ মানুষ ধার্মিক, কিন্তু তারা ধর্ম নিয়ে রাজনীতি বা ব্যবসা পছন্দ করে না। ধর্ম মানুষের অন্তরের বিষয়। তিনি আরও যোগ করেন, “একটি দল মা-বোনদের বেহেস্তের টিকিট দিবে বলে ভুলিয়ে রাখতে চায়। অথচ নামাজ, রোজা, ইবাদত ও সৎ কাজ ছাড়া কোনোভাবেই বেহেস্তে যাওয়া সম্ভব নয়। এজন্য আমাদের সকলকে সৎ পথে জীবন যাপন করতে হবে।
নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার গঠনের পর থেকে বিএনপি ধারাবাহিকভাবে প্রতিটি অঙ্গীকার পূরণে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। এসময় তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, “বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি। দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
দেশে আইন-শৃঙ্খলার বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, “কোনোভাবেই ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) বা মব জাস্টিসকে প্রশ্রয় দেয়া হবে না, একে কঠোর হস্তে দমন করা হবে। গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না।” বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তেলের সংকটের কথা উল্লেখ করে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং সরকারকে কাজ করার সুযোগ দেয়ার অনুরোধ করেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের নদী, নালা ও খাল খনন কর্মসূচির আওতায় শালিকষা হতে সিন্দুরনা মৌজা পর্যন্ত ৫.৮ কিলোমিটার দীর্ঘ হেনা নদীর পুনঃখনন কাজ শুরু হয়েছে। ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি আগামী ২৫ জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


